প্রাইমারি স্কুলের সামনে উল্টে গেল বর্জ্যবাহী ডাম্পার, ব্যাপক চাঞ্চল্য
আমার কথা, ২১ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের শঙ্করপুর এলাকায় একটি প্রাইমারি স্কুলের সামনে বর্জ্যবাহী ডাম্পার উল্টে যাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। দুর্ঘটনার সময় স্কুলের সামনে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। জানা গেছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বর্জ্যবোঝাই ডাম্পারটি উল্টে যায়। রাস্তার উপর ছিটকে পড়ে বর্জ্য, ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্কুলের সামনে দুর্ঘটনা ঘটায় আতঙ্ক আরও বাড়ে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানুষজন ও নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে, যা এলাকাবাসীর কাছে স্বস্তির খবর। তবে ডাম্পার উল্টে যাওয়ায় কিছু সময়ের জন্য ওই এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। কী কারণে ডাম্পারটি উল্টে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।স্কুলের সামনে ভারী বর্জ্যবাহী গাড়ি চলাচল নিয়ে ফের প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।



