দুর্গাপুরে হতে চলেছে ‘কমল মেলা’
আমার কথা, ২৪ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
বাংলার সংস্কৃতি ও কৃষ্টি ফেরানোর দাবিতে ‘কমল মেলা’ আয়োজন করতে চলেছে দুর্গাপুর নাগরিক মঞ্চ। যদিও ব্যানারে নাগরিক মঞ্চের নাম থাকছে, তবে মেলার সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপির সর্বভারতীয়, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে পাঁচ দিন ধরে চলবে এই মেলা। ২৭ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলার উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারাও। বিজেপির দাবি, এই মেলা কোনও দলীয় ব্যানারে নয়, বরং নাগরিক উদ্যোগ হিসেবেই আয়োজন করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক ও জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরের মানুষ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরানোর দাবি জানাচ্ছেন, সেই কারণেই এই মেলার আয়োজন। তাঁর বক্তব্য, এই ধরনের মেলা আগামী দিনে সারা রাজ্যেই করা হবে। রাজ্যের শাসক দল প্রশ্ন তুলেছে, নামমাত্র নাগরিক মঞ্চের ব্যানার থাকলেও কার্যত এই মেলার রাশ রয়েছে বিজেপির হাতেই। তাদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি থেকেই স্পষ্ট যে মেলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার সংস্কৃতি কোনও রাজনৈতিক মেলার বিষয় নয়। সংস্কৃতি ফেরাতে হলে আগে বাংলাকে ভাল করে জানতে হয়। নাম ও পরিচয়ের বিকৃতি করে সংস্কৃতি রক্ষার দাবি বিশ্বাসযোগ্য নয় বলেই তাঁর মত। সব মিলিয়ে দুর্গাপুরের কমল মেলা ঘিরে সংস্কৃতির নামে রাজনীতি হচ্ছে কি না, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।



