এবারেও দুর্গাপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীর সংখ্যা বেশি
আমার কথা, ২৬ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
এ বছর দুর্গাপুর মহকুমায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া প্রশাসন। মহকুমা প্রশাসন, পুলিশ, দমকল ও স্বাস্থ্য দপ্তরের কর্তাদের তৎপর থাকার নির্দেশ। সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার ও জেলা অ্যাডভাইজারি কমিটির সদস্যদের স্পষ্ট নির্দেশ পরীক্ষায় কোনও গাফিলতি নয়। আগামী ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দুর্গাপুর মহকুমায় মোট ৪২টি পরীক্ষা কেন্দ্র। এর মধ্যে ৯টি মূল কেন্দ্র ও ৩৩টি উপ-কেন্দ্র। এ বছর তিনটি ভিন্ন সময়সূচিতে পরীক্ষা হওয়ায় বাড়তি সতর্কতার নির্দেশ প্রশাসনের।সেমেস্টার ফোরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পুরোনো সিলেবাসের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত হবে। সেমেস্টার থ্রি-তে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। চলতি বছরে দুর্গাপুর মহকুমা থেকে মোট ৮,৩৭১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৪,২৪২ জন ছাত্রী ও ৩,৭১৫ জন ছাত্র। সেমেস্টার থ্রি পরীক্ষায় অংশ নেবে ১,০৩২ জন এবং পুরোনো সিলেবাসে ৩৮০ জন পরীক্ষার্থী। একই দিনে একাধিক সময়ে পরীক্ষা হওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও শান্ত পরিবেশ বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য। এই নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ও মহাকুমা শাসক সুমন বিশ্বাস। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা সেলের যুগ্ম আহ্বায়ক ড: কলিমুল হক বলেন,”প্রশাসন তৎপর আছে। দুর্গাপুরের কোনো পরীক্ষার্থীর যাতে কোন সমস্যা না হয় সেজন্য অতিরিক্ত বাস চালানো হবে। সিসি ক্যামেরায় নজরদারি বাড়ানো হবে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষা কেন্দ্র গুলিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদও নজর রাখবে।”



