টোটোয় ধাক্কা ট্রাক্টরের, গুরুতর আহত টোটো চালক,রণক্ষেত্রের চেহারা, পুরাতন জাতীয় সড়ক অবরোধ
আমার কথা, ২৬ জানুয়ারী
তনুশ্রী চৌধুরী, পানাগড়:
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক টোটো চালক, ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কাঁকসার পানাগড় বাজারে। সোমবার দুপুর ড়ের টা নাগাদ পানাগড় বাজারের চৌমাথা মোড়ে যাত্রী নামিয়ে রাস্তার ধারে টোটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন টোটো চালক পঙ্কজ পান্ডে। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর টোটো তে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে পঙ্কজ। ট্রাক্টর টি পঙ্কজের ওপর চেপে যায়। গুরুতর আহত হয় ৩০ বছর বয়সী পঙ্কজ। স্থানীয়রা ও সিভিক ভলান্টিয়ার রা তাকে উদ্ধার করে দ্রুত পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পানাগড় বাজারে চৌমাথা মোড়ে। ট্রাক্টরের উপর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ক্ষতিপূরণের দাবিতে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়।



