সরকারী অনুষ্ঠানে ছন্দপতন, প্রাক্তন পুরপিতাকে ঘিরে বিক্ষোভ
আমার কথা, ২ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কমিউনিটি সেন্টারের কাজের সূচনা ঘিরে উত্তেজনা। তবে এই বিক্ষোভের তির কোনোভাবেই মন্ত্রী বা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের দিকে নয়। এলাকাবাসীর সমস্ত ক্ষোভ কেন্দ্রীভূত প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডলকে ঘিরেই।৩৭নং ওয়ার্ডের পাকা মাঠ এলাকায় কাজের সূচনা অনুষ্ঠানে স্বরূপ মণ্ডল উপস্থিত হতেই শুরু হয় প্রতিবাদ। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকার মানুষজন সরাসরি অভিযোগ তুলছেন,“বহিরাগতদের নিয়ে আসা হয়েছে। উন্নয়নমূলক কর্মসূচির আড়ালে এলাকাবাসীর মতামতকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা হয়েছে। সেই ক্ষোভই প্রকাশ পেয়েছে প্রকাশ্য বিক্ষোভে।” পরিস্থিতির সামাল দিতে কার্যতো হিমশিম খেতে হয় মন্ত্রী এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে। যদিও অভিযোগের জবাবে ফোনে প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান, তিনি আগেই এলাকার ক্লাবের কর্মকর্তাকে সকলকে জানিয়ে দিতে বলেছিলেন। তাঁর বক্তব্য, “এরপরেও কেন এই ধরনের ঘটনা ঘটল, তা আমরা বুঝে উঠতে পারছি না।”
এদিকে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে আর এই কারনে অতিষ্ট সাধারণ মানুষ। আজকের এই ঘটনা তারই বহি:প্রকাশ। তাই আগামী নির্বাচনে দুর্গাপুরবাসী তৃণমূলকে তার নিজের জায়গা ঠিক বুঝিয়ে দেবে”।



