BREAKING! ওসির দায়িত্ব পেতেই মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডির অভিযান
আমার কথা, ৩ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
মঙ্গলবার সকাল হতেই বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বেঙ্গল অম্বুজার বাড়িতে হানা দেয় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। সকাল থেকেই শুরু হয় টানা অভিযান। এখনও দায়িত্বভার গ্রহণই করেননি তিনি। তার আগেই এই হাই-ভোল্টেজ অ্যাকশন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলাজুড়ে। উল্লেখ্য, কয়েক মাস আগেই সাসপেন্ড হয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল। পরে তাঁকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে সম্প্রতি তাঁকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়, কিন্তু থানার দায়িত্ব নেওয়ার আগেই ইডির এই অভিযানে নতুন করে উঠল প্রশ্ন?
ইডি সূত্রে জানা গিয়েছে যে, কয়লা পাচার চক্রে প্রোটেকশন মানির যে লেনদেন হয়েছিল, তার সঙ্গে মনোরঞ্জন মণ্ডলের কোনও যোগ থাকার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে পাচারকার্যে সাহায্য করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। আজ সকালে দুর্গাপুরে নিজের বাড়িতেই তিনি ছিলেন। তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
তবে শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয় একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রান্তে কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি।
অপরদিকে দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত,
পানাগরের বালি ব্যবসায়ী শেখ হাসিম মির্জা বেগের অম্বুজার বাড়িতে, অন্ডালের বক্তারনগরের শেখ কিরণ মণ্ডল, পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল
সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে চলে এই অভিযান। হঠাৎ এই একযোগে অভিযান ঘিরে কয়লা বালি সিন্ডিকেট, আর্থিক লেনদেন ও প্রশাসনিক যোগসূত্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের নিয়েই চলছে অভিযান।



