পাকা পথের কাঁটা সরকারি পোল, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার মানুষের
আমার কথা, ৩ ফেব্রুয়ারী
সনাতন গরাই, কাঁকসা:
উন্নয়নের মাঝপথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে সরকারি বৈদ্যুতিক পোল। পাকা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পোলের জেরে পারে না কোন চারচাকা গাড়ি ঢুকতে। এক-দু’বছর নয়, দীর্ঘ কুড়ি বছর ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করছেন কাঁকসার কুলডিহার কাশিডাঙা এলাকার মানুষজন। এমনই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে অসুস্থ রোগী হোক বা জরুরি পরিষেবা গাড়ি ঢুকতে না পারায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে রাতের বেলায় বা জরুরি অবস্থায় পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। কোন কাজ না হওয়ায় এলাকার মহিলারাই ছুটলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে।
এলাকার বাসিন্দা রাধারানী সরকার অভিযোগ করেন, “আমরা বারবার বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করেছি এই পোলটা সরানোর জন্য। কিন্তু আজ পর্যন্ত কোনও কাজ হয়নি। এই পোলের জন্য কেউ অসুস্থ হলে গাড়ি ঢুকতে পারে না। ভাবলেই ভয় লাগে। চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সকলকেই।” অভিযোগ শোনার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, “এই সমস্যার কথা শুনেছি। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলছি। দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা যায়, সেই ব্যবস্থা করা হবে।”
এ বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল কটাক্ষ করে বলেন, “তৃণমূলের উন্নয়ণের এমন জোয়ার যে ১৫ বছর ধরে রাস্তায় মাঝের একটা ইলেক্ট্রিক পোল সরানোর সময় পাচ্ছে না বিদ্যুৎ দপ্তর। তাহলে কি একটা সামান্য পোল সরানোর জন্যও আমাদের আন্দোলনে নামতে হবে?”



