পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ, সরব বিরোধীরা, অসহায় পঞ্চায়েত
আমার কথা, ৭ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দিনে দুপুরে মাটি ফেলে আস্ত একটা পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ। দুর্গাপুরের কাঁকসার আড়রা এলাকার এই ঘটনায় এখন ক্ষোভে ফুসছে এলাকার মানুষ। অসহায় পঞ্চায়েত, সুর চড়ালো বিজেপি নেতৃত্ব।
দিনে দুপুরে মাটি ফেলে বুজিয়ে দেওয়া হচ্ছে আস্ত একটা পুকুর, যাকে ঘিরে জোর বিতর্ক দুর্গাপুরে। অসহায় পঞ্চায়েত উপপ্রধানও মহকুমা শাসকের দ্বারস্থ হচ্ছেন। সুর চড়ালো বিজেপি। দুর্গাপুরের কাঁকসার মলানদীঘি পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে আড়রা গ্রাম, গ্রামের বাগদী পাড়াতে দীর্ঘদিনের একটি পুকুর দিনে দুপুরে মাটি ফেলে বুজিয়ে দেওয়ার অভিযোগ তুলছে গ্রামবাসীরা। অভিযোগ গরমে তীব্র জলের হাহাকার শুরু হয় এলাকায় তখন এই পুকুরই এলাকার মানুষের কাছে ত্রাতার ভূমিকায় আসে, এছাড়া পারোলৌকিক কাজ সহ আরো নানা কাজে এই পুকুরের জল কাজে লাগে এতে মানুষের অনেক সুবিধে হয়, এই অবস্থায় পঞ্চায়েতকে তারা লিখিত অভিযোগও করেছেন, কিন্তু তারপরও কিভাবে দিনে দুপুরে একটা আস্ত পুকুর বোজানোর দুঃসাহস হচ্ছে সেটাই বুঝে ওঠা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় তৃণমূল পরিচালিত মলানদীঘি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় জানান, বারবার পুকুরের পাশের জমির জমির মালিককে পঞ্চায়েত নোটিস করেছে,পুকুরের একটা বড় একটা অংশ খাস জমির মধ্যে রয়েছে, নিষেধ করা সত্বেও কাজ বন্ধ করেনি তারা, দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হচ্ছেন এবার তিনি নিজেও, প্রয়োজনে গ্রামের হয়ে আইনি লড়াইও তিনি নিখরচায় করবেন আইনজীবী হিসেবে বলেও জানান পঞ্চায়েত উপপ্রধান আইনজীবী বিশ্বরূপ চট্টোপাধ্যায়।
এইদিকে এই ঘটনায় সুর চড়িয়েছে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাহলে কি প্রোমোটারি করার জন্যই আস্ত একটা পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে প্রশ্ন স্থানীয়দের।



