উখড়া রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক
আমার কথা, ৮ ফেব্রুয়ারী
সার্থক কুমার দে, উখরা:
অন্ডাল সাঁইথিয়া রেলপথের উখরা রেলস্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওকর। উল্লেখ্য রেলের পক্ষ থেকে উখড়া রেলস্টেশন কে আগেই অমৃত ভারত রেলস্টেশন ঘোষণা করা হয়েছে। সেইমতো স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। এদিন সেই কাজের অগ্রগতি পরিদর্শন করেন মিলিন্দ দেওকর । এদিন পূর্ব রেলের প্রবন্ধকের সাথে দেখা করেন উখড়া চেম্বার অব কমার্স ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃত্ব। এই স্টেশনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাড়ানো ছাড়াও উখরা শঙ্করপুর রেলগেটে ওভার ব্রিজের কাজ দ্রুত শুরু করার দাবিপত্র তার হাতে তুলে দেন তারা। মিলিন্দ দেওকর বলেন পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্ট। শংকরপুর রেলগেটে ওভারব্রিজ প্রসঙ্গে বলেন ওভার ব্রিজ নির্মাণ কাজ করার জন্য রেল প্রস্তুত রয়েছে। তবে এই কাজের জন্য রাজ্য সরকারের এনওসি প্রয়োজন। সরকারের পক্ষ থেকে ছাড়পত্র পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।



