২০২৬ নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি
আমার কথা, ৯ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপি শুরু করেছে ‘সাজেশন বক্স’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও পরামর্শ সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুরেও বিজেপির তরফে এই সাজেশন বক্স বসানো হয়। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়, দুর্গাপুর মহকুমা আদালতের পাশে এই সাজেশন বক্স কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি কর্মী ও নেতারা সেখানে উপস্থিত থেকে পথচলতি সাধারণ মানুষকে সাজেশন বক্সের বিষয়ে জানাচ্ছেন। মাইকিংয়ের মাধ্যমে মানুষকে এগিয়ে এসে তাঁদের অভিযোগ ও পরামর্শ লিখে দেওয়ার আহ্বান জানানো হয়। বক্সের সামনে বিজেপির কয়েকজন নেতা ও কর্মী দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করেন। কেউ যদি নিজে লিখতে না পারেন, সে ক্ষেত্রে তাঁদের কথা শুনে চিরকুটে লিখে তা সাজেশন বক্সে জমা দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত এই মতামত ও পরামর্শ ভবিষ্যতের কর্মসূচি এবং নীতিনির্ধারণে কাজে লাগানো হবে। বিজেপির দাবি, মানুষের দৈনন্দিন সমস্যা, অভাব-অভিযোগ এবং প্রত্যাশা সরাসরি দলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সাজেশন বক্স কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরেও এই উদ্যোগের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেই পরিপ্রেক্ষিতে দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।



