সেনা জওয়ানের বাড়িতে দু:সাহসিক চুরি
আমার কথা, ১৫ ফেব্রুয়ারী
সনাতন গরাই, কাঁকসা:
কাঁকসা থানা এলাকার পানাগড় রেলপাড়ের টাঙ্কি তলা ডিফেন্স কলোনীতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, এক সেনা জওয়ানের তালাবদ্ধ বাড়িতে দুষ্কৃতীরা দুঃসাহসিকভাবে চুরি করে। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ওই বাড়ির মালিক সেনা জওয়ান হীরালাল রাম। পারিবারিক কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বিহারের সিওয়ানে গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা ফাঁকা বাড়িকে টার্গেট করে। আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এরপরই বিষয়টি জানানো হয় পুলিশকে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ঠিক কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সেনা জওয়ান হীরালাল রামকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি শীঘ্রই ফিরবেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের সন্ধান চালানো হচ্ছে।



