শেলী ঘোষ স্মৃতি ভবনে অগ্নিকান্ড, পুড়ে গেল গুরুত্বপূর্ণ নথিপত্র
আমার কথা, ২৫ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অবস্থিত কংগ্রেসের দলীয় জেলা কার্যালয় শেলী ঘোষ স্মৃতি ভবনে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। হঠাৎ করেই কার্যালয়ের দোতলার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, দলীয় কাগজপত্র, চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় কার্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য দিক তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,
“আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, বহু দলীয় কাগজপত্র ছিল। সব পুড়ে গেল। সম্ভবত শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে অনুমান করা হচ্ছে।”
নির্বাচনের প্রাক্কালে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। যদিও আপাতত প্রশাসনের পক্ষ থেকে নাশকতার কোনও ইঙ্গিত মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যালয় খোলার কিছুক্ষণ পরই আগুন দেখতে পান আশপাশের মানুষজন। দ্রুত পদক্ষেপ না নিলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত বলে মত স্থানীয়দের। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে কিছুটা সমস্যার মুখে পড়তে পারে দলীয় নেতৃত্ব এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় প্রশাসন ও দলীয় নেতৃত্ব।



