ভাতা প্রার্থীদের গুড় বাতাসা খাওয়ালো তৃণমূল
আমার কথা, ২৫ ফেব্রুয়ারি
সার্থক কুমার দে, অন্ডাল:
একসময় বিরোধীদের শায়েস্তা করতে গুড় বাতাসা খাওয়ানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার অন্ডাল ব্লক অফিসে সেই গুড় বাতাসা বিতরণ করতে দেখা গেল যুব তৃণমূল কর্মীদের। তবে শায়েস্তা করতে বা বিরোধীদের নয়, এদিন ব্লক অফিসে “যুব সাথী” ও “কৃষক বন্ধু” ভাতার জন্য ফর্ম নিতে ও জমা করতে আসা প্রার্থীদের জন্য এই আয়োজন করে যুব তৃণমূল কর্মীরা। লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতি সহ সবাইকে গুড়, বাতাসা ও জল খাওয়ানো হয়। ব্লক অফিস চত্বরে ঘুরে ঘুরে সে সব বিতরণ করতে দেখা গেল জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেওয়াসি, শুভজিৎ কুন্ডু, তৃণমূলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল সহ অন্যদের । যুব তৃণমূলের জেলা সভাপতি পার্থ দেওয়াসি বলেন এদিন যথেষ্ট গরম ছিল আবহাওয়া। ফর্মের লাইনে ভিড় ছিল প্রচুর। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল ফর্ম যারা নিতে এসেছিল তাদের। গরমের কারণে কেউ যাতে অস্বস্তিবোধ না করে সেই জন্যই এদিন কম নিতে আসা আগন্তুকদের জন্য গুড় বাতাসা ও জল বিতরণ করা হয় বলে জানান তিনি।



