দুই সন্তানের বয়সের ফারাক মাত্র চার মাস, এস.আই.আর এর শুনানির পরেই বিপাকে বাবা
আমার কথা, ২৬ ফেব্রুয়ারি
সনাতন গরাই, দুর্গাপুর:
দুই ছেলের বয়সের ফারাক মাত্র চার মাস। এসআইআরএর শুনানির কয়েকদিন পর এমনই তথ্য বাইরে আসতেই বিপাকে বাবা। ভোটার কার্ড আধার কার্ডেও চার মাসেরই ফারাক রয়েছে। দুর্গাপুর পূর্ব বিধানসভার ৮৮ নম্বর বুথের বিজড়া এলাকা। স্থানীয় বাসিন্দা আইনুল শা, যিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। তিনি জানান তাঁর একাধিক সন্তান রয়েছে। তাঁর মধ্যে আমির আলী ও সমীর শা নামে দুই ছেলের ভোটার কার্ডে বয়সের ফারাক মাত্র চার মাস বলে তাঁরা জানতে পারেন। আইনুল শা বলেন, “আমরা এসব বিষয় সেভাবে বুঝি না। যারা কার্ড তৈরি করেছিলেন, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল। এখন বুঝতে পারছি দুই ছেলের কার্ডে চার মাসের ফারাক দেখাচ্ছে। শুনানির সময়ও আমাদের কিছু জানানো হয়নি। আমরা চিন্তিত। আমরা বহুদিন ধরে এখানে বাস করছি, আমার ছেলেমেয়েদের জন্ম এখানেই।” তবে সংশ্লিষ্ট নথিপত্রে যে বয়সের অসঙ্গতি দেখা গিয়েছে, সেটি প্রশাসনিক ত্রুটি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, “এ ধরনের কোনও সমস্যা হয়ে থাকলে নির্দিষ্ট প্রক্রিয়ায় সংশোধনের সুযোগ রয়েছে। ফর্ম ৬ জমা করতে হবে। আধার কার্ড বা অন্য নথিতে যদি কোনও ভুল থাকে, তা-ও সংশোধন করা সম্ভব। উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।” ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।



