জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল বাবা ও মায়ের, আহত ছেলে
আমার কথা, ২৬ ফেব্রুয়ারি
রাকেশ লাহা, জামুরিয়াঃ
জামুরিয়া থানার অন্তর্গত বোগড়া সংলগ্ন এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের,আহত ১। ঘটনায় ক্ষণিকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। পরে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর নাগাদ এক যুবক মোটর সাইকেলে করে তার বাবা-মাকে চাপিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে চাঁদা থেকে নর্থ শিয়ারসোল কোলিয়ারির দিকে যাচ্ছিল। সেই সময় ব্যস্ততম জাতীয় সড়কও ছিল তার আপন ছন্দে। হঠাৎই মোটরসাইকেল আরোহীরা ১৯ নম্বর জাতীয় সড়কের বোগড়ার কাছে পৌঁছাতেই একটি বড় লরি তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী অর্থাৎ ছেলেটির বাবা ও মা , এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় ছেলেটিও।
ছেলেটির দাবি, লরিটিকে ধরার চেষ্টা করা হয়েছিল কিন্তু সে দ্রুত গতিতে জাতীয় সড়ক দিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে জাতীয় সড়ক থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। শিল্পাঞ্চলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।



