চোখের নিমেষে মোবাইল ছিনতাই, হল না শেষ রক্ষা, শ্রীঘরে ৩ যুবক
আমার কথা, ২৬ ফেব্রুয়ারি
সনাতন গরাই, দুর্গাপুরঃ
হেলমেটের ওপর আঘাত করে মহিলা ব্যাংক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ভর দুপুরে এমনই দুঃসাহসিক ছিনতাই-র ঘটনা ঘটলো দুর্গাপুরের কোকওভেন থানার পিয়ালা সার্ভিস রোড এলাকায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় গ্রেফতার তিন অভিযুক্ত। পুলিশের তৎপরতায় খুশি এলাকাবাসী। বৃহস্পতিবার রিতু দাস নামের এক যুবতী দুর্গাপুর স্টেশন থেকে স্কুটি নিয়ে পিয়ালা হয়ে সিটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। তখনই ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের পিয়ালা এলাকায় তিনজন দুষ্কৃতী তাকে পথ আটকানোর চেষ্টা করে। সে না থামায় তার হেলমেটে আঘাত করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। যুবতী কি করবো খুঁজে না পেয়ে কোকওভেন থানার পুলিশকে ফোন করে। তৎক্ষণাৎ কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতির নির্দেশে একটি টিম সেখানে পৌঁছায়। এলাকা থেকেই তিনজনকে গ্রেফতার করে। ঋতু দাস ভিন জেলার বাসিন্দা। কর্মসূত্রে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় থাকেন। ঋতু দাস বলেন,”আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু পুলিশের তৎপরতায় আমি সত্যিই খুশি। আমি আশাবাদী চুরি যাওয়া ফোনটিও ফেরত পেয়ে যাব।”



