রাজ্য বার কাউন্সিলের নির্বাচনের প্রচারে দুর্গাপুর মহকুমা আদালতে আইন মন্ত্রী মলয় ঘটক
আমার কথা, ২৭ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে উপস্থিত হয়ে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল নির্বাচনের প্রচার করেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। আগামী ৯ এবং ১০ মার্চ, দু’দিন ধরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং তৃণমূলপন্থী প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে ঘুরে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছেন। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়েই আমি উপস্থিত হয়েছি।” তিনি আরও বলেন, বার কাউন্সিল নির্বাচন শুধু একটি সাংগঠনিক প্রক্রিয়া নয়, এটি আইনজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন তিনি দুর্গাপুর মহকুমার নতুন আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গা সংক্রান্ত সমস্যার কথাও উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। আদালত চত্বরে পরিকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুবিধা বৃদ্ধির ব্যাপারে তিনি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা জানান। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রাজ্য সরকার আইনজীবীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের কাজের পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনের আগে এই প্রচারপর্ব আইনজীবী মহলে যথেষ্ট সাড়া ফেলেছে বলেও জানা যায়।



