ডিজিটাল অ্যারেস্টের শিকার প্রাক্তন শিক্ষক, গায়েব ৩১ লক্ষ ৩০ হাজার টাকা
আমার কথা, ২৮ ফেব্রুয়ারী
সার্থক কুমার দে, অন্ডাল:
এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন এক প্রাক্তন স্কুল শিক্ষক । গায়েব হল ৩১ লক্ষ ৩০ হাজার টাকা । উত্তরপ্রদেশ থেকে প্রতারককে গ্রেপ্তার করল অন্ডাল থানার পুলিশ ।
ডিজিটাল ইন্ডিয়াতে ক্রমশ বেড়েছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা । সাধারণ মানুষের পাশাপাশি বিচারপতি থেকে প্রশাসনিক আধিকারিক, সরকারি আমলা ইতিমধ্যে ডিজিটাল শিকার হয়েছেন অনেকেই । এবার একই কায়দায় প্রতারণার শিকার হলেন অন্ডাল দক্ষিণ বাজারের বাসিন্দা এমডি জামিল নামে এক প্রাক্তন স্কুল শিক্ষক । ঘটনা সূত্রে জানা গেছে জানুয়ারি মাসে ওই শিক্ষকের কাছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিক পরিচয় দিয়ে একটি ফোন আসে । শিক্ষককে জানানো হয় হাওলা কারবারে জড়িত থাকার একাধিক প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে । তদন্ত ও বিচারের জন্য শিক্ষককে ডিজিটাল অ্যারেস্ট করা হলো বলে জানানো হয় । পরে টাকা পয়সা দিয়ে কেসটি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে খবর । প্রথম দফায় ২৭ লক্ষ ৩০ হাজার ও দ্বিতীয় দফায় আরও চার লক্ষ । মোট ৩১ লক্ষ ৩০ হাজার টাকা গায়েব হয়ে যায় ওই শিক্ষকের ।
ঘটনার পর মোহাম্মদ জামিল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন । ১১-ই জানুয়ারি অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন তিনি । তদন্তে নামে পুলিশ । ঘটনায় যুক্ত থাকার প্রমাণ মিলে প্রদীপ কুমার মিশ্র নামে এক ব্যক্তির । তদন্তে জানা যায় উত্তর প্রদেশ রাজ্যের লখনৌর গোমতীনগর এলাকার বাসিন্দা ওই অভিযুক্তের । অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর ২৪-শে ফেব্রুয়ারি অন্ডাল থানার একটি দল উত্তরপ্রদেশ পাড়ি দেয় । স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । শনিবার ভোরে প্রদীপ কুমার মিশ্রকে আনা হয় অন্ডাল থানাতে । এদিনই তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।



