জাতীয় সড়কের ধারে গাড়ির শোরুমে বিধ্বংসী আগুন
আমার কথা, ৬ মার্চ
রাকেশ লাহা, জামুরিয়া:
শুক্রবার ভর সন্ধ্যায় জামুরিয়ার চাঁদা মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে একটি গাড়ির শোরুমে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। নিমেষেই স্থানীয় ও পথ চলতি মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন, খবর দেওয়া হয় জামুরিয়া থানার পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দার কথাই, হঠাৎই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মারুতি গাড়ির শোরুমটিতে আগুন লেগে যায়। আমরা পুলিশ এবং দমকল কে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন আসে ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এই ঘটনায় এলাকার মানুষ খুবই আতঙ্কিত। এছাড়াও তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণে হঠাৎই এলাকায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছিল ক্ষণিকের জন্য। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।



