সরকারী অনুষ্ঠানের সূচনা তৃণমূলের মন্ত্রে? চরম বিতর্ক দুর্গাপুরে
আমার কথা, ৯ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
‘ওম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’, মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হল একটি সরকারি অনুষ্ঠান, আর যাকে ঘিরেই বিতর্কের মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সোমবার দুর্গাপুরের হর্ষবর্ধন এলাকায়, আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে একাধিক প্রকল্পের কাজের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। অভিযোগ, অনুষ্ঠানের শুরুতেই এক পুরোহিতের মাধ্যমে , ওম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মন্ত্র উচ্চারণ করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন তুলেছে বিজেপি। বিরোধী দলের দাবি, সরকারি অনুষ্ঠান এবং দলীয় কার্যক্রমকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়মবিরুদ্ধ। এতে স্পষ্ট হচ্ছে যে সরকার পরিচালনার সঙ্গে দলীয় রাজনীতি মিশে যাচ্ছে। সরকারি মঞ্চে দলীয় স্লোগান উচ্চারণ হওয়া উচিত নয় বলেও তারা দাবি করেছে। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, মানুষের আবেগ থেকেই ওই স্লোগান উঠেছে। বিজেপি বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দিচ্ছে। রাজ্যের সরকার মানুষের পাশে থেকে কাজ করছে, আর সেই কারণেই সাধারণ মানুষের আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে ওই অনুষ্ঠানে।



