পাণ্ডবেশ্বর কেন্দ্রে এবারও কি পদ্মপ্রার্থী হবেন জিতেন ? চলছে চর্চা
আমার কথা, ৯ মার্চ
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
আসন্ন বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর কেন্দ্রে এবারও কি পদ্মপ্রার্থী হবেন জিতেন্দ্র তেওয়ারি? নাকি এবার তাকে দেখা যাবে সেনাপতির ভূমিকায়! এই নিয়ে পদ্ম শিবিরে চলছে জোর চর্চা।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জিতে বিধায়ক হয়ে ছিলেন বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। ২০২১ সালের নির্বাচনের প্রাক্কালে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপি দলে। প্রত্যশা মতই দল তাকে সেবার প্রার্থীও করেছিল এই কেন্দ্রে। কিন্তু তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে তিনি পরাজিত হন। এবারও কি পদ্মফুল চিহ্নে জিতেন্দ্র তেওয়ারি প্রার্থী হবেন? নাকি এবার তাকে দেখা যাবে অন্য কোন ভূমিকাতে! তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিজেপির অন্ধরেও কান পাকলে শোনা যাচ্ছে গুঞ্জন। ২০২১-শে পাণ্ডবেশ্বর কেন্দ্রে জয়ী হয়ে বিধায়ক হন জিতেন্দ্র তেওয়ারি। সেই সময় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তখন দু’জন এক দলে থাকলেও সম্পর্ক ছিল অম্ল মধুর। নরেন বাবুকে নিষ্ক্রিয় করে এলাকার রাশ নিজের হাতে রেখে ছিলেন জিতেন্দ্র তেওয়ারি। কিন্তু ২০২১ শে তিনি বিজেপিতে চলে যেতেই স্বমূর্তি ধারণ করেন নরেন বাবু। সেবার ভোটে দু’জন লড়াইয়ে মুখোমুখি হন দুটি আলাদা দলের হয়ে। লড়াই হয় হাড্ডি। সামান্য কিছু ভোটে জিতে শেষ হাসি হাসেন নরেন চক্রবর্তী। তবে পরাজয়ের পর সাময়িক বিরতি নিয়ে আবার এলাকায় আসা যাওয়া শুরু করেন জিতেন্দ্র বাবু। বিজেপির বিভিন্ন কর্মসূচিতে এলাকায় দেখা যায় তাকে। কর্মীদের সাথেও রেখেছেন নিবিড় যোগাযোগ। এই কারণেই বিজেপির একটি অংশের ধারণা এবারও প্রার্থী করা হবে জিতেন্দ্র তেওয়ারিকে। দল অন্য কাউকে প্রার্থী করলে আদৌ লড়াই হবে না বলেই ধারণা তাদের। দলেরই অন্য এক অংশের মতে জিতেন বাবু এবার সম্ভবত প্রার্থী নাও হতে পারেন। পরিবর্তে ঘনিষ্ঠ কাউকে প্রার্থী করে তিনি সেনাপতির ভূমিকায় থাকতে পারেন বলে ধারণা তাদের। রাজনৈতিক বিশ্লেষকদেরও ধারণা সে রকমই। তাদের মতে জিতেন বাবু একবার পরাজিত হয়েছেন। এবার জয় নিশ্চিত না হলে সম্ভবত তিনি নিজেই এবার প্রার্থী নাও হতে পারেন। কারণ পরপর দু’বার পরাজিত হলে তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ঘনিষ্ঠ কাউকে প্রার্থী করে সেনাপতির ভূমিকাতে দেখা যেতে পারে জিতেন বাবুকে। বিজেপির অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে পাণ্ডবেশ্বর কেন্দ্রে একান্তই তিনি প্রার্থী না হলে জিতেনবাবুর সহধর্মিনী চৈতালী তেওয়ারি প্রার্থী হতে পারেন। এক্ষেত্রে সহধর্মিনীকে জিতিয়ে আনার দায়িত্ব নেবেন স্বয়ং তিনি। হারলে অন্য কথা, কিন্তু সহধর্মিনী জয়ী হয়ে বিধায়ক হলে এলাকার রাশ থাকবে জিতেন বাবুর হাতেই।
সম্ভাব্য পদ্ম প্রার্থী ও জিতেন বাবুর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে যা গুঞ্জন চলছে তা সবই সম্ভাবনার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক জেলা নেতা বলেন কোন কেন্দ্রে কে প্রার্থী হবে তা ঠিক করবে দলের সর্বোচ্চ নেতৃত্ব। তাই কে কোথায় প্রার্থী হবে তা আগে থেকে বলা সম্ভব নয়। সঠিক সময়ে প্রার্থীর নাম ঘোষণা হবে বলে জানান তিনি।



