জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা,অল্পের জন্য প্রাণে বাঁচলো এক তরুণ তরুণী
আমার কথা, ১০ মার্চ
তনুশ্রী চৌধুরী, বুদবুদ:
মঙ্গলবার বিকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক তরুণ তরুণী। ঘটনাটি ঘটেছে বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্গাপুর গামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখান থেকে অবস্থার অবনতি হলে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ওই তরুণ-তরুণী বুদবুদের মানকর এলাকার বাসিন্দা। বাইকে করে তারা পানাগড় যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় লোহার পাত বোঝাই করা একটি টেলার কে অতিক্রম করার সময় পাশ থেকে একটি ছোট গাড়ি তাদের ধাক্কা মারে। বাইক থেকে রাস্তার উপরে ছিটকে পড়ে দুইজন এবং মোটরসাইকেলটি ট্রেলারের চাকার তলায় ঢুকে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় দুইজন। অন্যান্য গাড়ির যাত্রীরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।পরে পুলিশকে খবর দেওয়া হলে বুদবুদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নিয়ে যায়।দূর্ঘটনার জেরে প্রায় এক ঘন্টা ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আটক করা হয় ট্রেলার এবং ছোট গাড়িটিকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ বাইকে এক তরুণ তরুণী ছিল তাদের কোনো দোষ ছিল না। কিন্তু রাস্তায় মাঝ বরাবর জাতীয় সড়কে মেরামত করার জন্য পিলার বসানো রয়েছে। সেই পিলার থেকে বাঁচতে গিয়ে ছোট গাড়িটি বাঁদিকে চেপে যায়। যার কারণে বাইকে ধাক্কা লাগে ছোট গাড়ীর। এই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওপর গাফিলতির অভিযোগ তোলেন অন্যান্য যানবাহনের যাত্রীরা।



