অবশেষে স্বস্তি! বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে মিটতে চলেছে ডিপিএল এলাকার জলের সমস্যা
আমার কথা, ১২ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (ডিপিএল) এলাকায় সম্প্রতি দেখা দেয় তীব্র পানীয় জলের সংকট। এই সমস্যাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়ে কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ উঠেছে, রেলের কাজ চলাকালীন অসাবধানতার কারণে একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন ফেটে যায়, যার ফলেই হঠাৎ করে এই জল সরবরাহে বিপর্যয় তৈরি হয়। এই পরিস্থিতিতে বিষয়টি সামনে আনেন দুর্গাপুর বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি অভিযোগ করেন, রেলের কাজের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই ডিপিএল এলাকায় পানীয় জলের সংকট তৈরি হয়েছে। বিষয়টি জানাজানি হতেই তিনি দ্রুত রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যার গুরুত্ব তাদের সামনে তুলে ধরেন। শুধু রেল কর্তৃপক্ষকেই নয়, পুরো বিষয়টি তিনি মহকুমা প্রশাসনের নজরেও আনেন। তার অভিযোগ ও অনুরোধের ভিত্তিতে মহকুমা শাসক দ্রুত ব্যবস্থা নেন। মহকুমা শাসকের নির্দেশে ডিপিএল কর্তৃপক্ষকে অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ শুরু করার কথা বলা হয়।প্রশাসনের হস্তক্ষেপের পরই আজ থেকে মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ক্ষতিগ্রস্ত পাইপলাইন ঠিক করার জন্য কাজ শুরু করেছেন, যাতে আগামী দিনে আর জল সরবরাহে কোনও সমস্যা না হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পাইপলাইন মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ ফেরানোর চেষ্টা করা হচ্ছে ডিপিএল এলাকার কর্মীদের আশা, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং খুব শীঘ্রই স্বাভাবিক পানীয় জলের সরবরাহ আবার চালু হবে।



