রহস্যজনক অন্তর্ধান! শেষে কারখানার ভেতর থেকে মিলল শ্রমিকের দেহ
আমার কথা, ১৫ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুরঃ
রহস্যজনকভাবে নিখোঁজ এক শ্রমিকের দেহ উদ্ধার হল বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারী কারখানার ভেতর থেকে। মৃত শ্রমিকের নাম পার্থ দত্ত (২২)। তিনি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা বলে জানা গেছে।রবিবার সকালে কারখানার ভেতর থেকে পার্থ দত্তের মৃতদেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। কীভাবে ওই তরুণ শ্রমিকের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পার্থ দত্ত হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। এরপর রবিবার সকালে কারখানার ভেতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। মৃত্যুর সঠিক কারণ জানার দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সরব হন তাঁরা। রবিবার কারখানার গেটের সামনে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতলে পাঠানো হবে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তদন্ত চলছে।



