পশ্চিম বর্ধমানে তৃণমূলের প্রার্থী তালিকায় ৩ নতুন মুখ
আমার কথা, ১৭ মার্চ
সার্থক কুমার দে, পশ্চিম বর্ধমান:
মঙ্গলবার ঘোষণা হলো তৃণমূলের প্রার্থী তালিকা। পশ্চিম বর্ধমান জেলায় ৯ টি আসনের মধ্যে এবার ৩ টি আসনে নতুন মুখকে প্রার্থী করেছেন শাসক দল। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ তথা এডিডিএ এর বর্তমান চেয়ারম্যান কবি দত্ত কে। এছাড়া কুলটি কেন্দ্রে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌরসভার মেয়র পরিষদ অভিজিৎ ঘটক ও রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের পুরনো নেতা তথা অন্ডাল ব্লকের দীর্ঘদিনের ব্লক সভাপতি কালোবরন মন্ডলকে। এছাড়া প্রত্যশামত দুর্গাপুর পূর্বে মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বর কেন্দ্রে বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়া কেন্দ্রে হরেরাম সিং, আসানসোল উত্তরে এবার ও প্রার্থী হয়েছেন মলয় ঘটক। রানীগঞ্জের পরিবর্তে এবার আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী করা হয়েছে তাপস বন্দ্যোপাধ্যায় কে। এছাড়া বারাবনি কেন্দ্রে প্রত্যশা মতই টিকিট পেয়েছেন বিধান উপাধ্যায়। গত বিধানসভা ভোটে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল ও কুলটি কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় এবার টিকিট পায়নি।
এদিন শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থনে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। প্রার্থীদের নিয়ে সবুজ আবির খেলে উল্লাস প্রকাশ করতেও দেখা যায় কর্মী সমর্থকদের। তৃণমূল দলের পক্ষ থেকে জানানো হয় এবার পশ্চিম বর্ধমান জেলায় নটি আসনের মধ্যে সবকটি আসন জেতায় তাদের লক্ষ্য।



