দুর্গাপুরে উন্নয়নের কান্ডারী তৃণমূলের দুই প্রার্থী
আমার কথা, ১৭ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের উন্নয়নের ধারাকে সামনে রেখেই এবার নির্বাচনী ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিল্পাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিমে দল ভরসা রেখেছে দুই উন্নয়নের কান্ডারীর ওপর। একজন অভিজ্ঞ নেতা প্রদীপ মজুমদার, অন্যজন নতুন মুখ হলেও প্রশাসনিক কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ কবি দত্ত। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রার্থী করা হয়েছে প্রদীপ মজুমদারকে। তাঁর ওপরেই ভরসা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত প্রদীপ মজুমদার ইতিমধ্যেই একবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। এলাকার উন্নয়নমূলক কাজে তাঁর সক্রিয় ভূমিকার কথাও প্রায়ই শোনা যায় সর্বস্তরে। রাস্তা, পানীয় জল, আলো, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নে তাঁর উদ্যোগের কথা উল্লেখ করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকব। আমি সর্বদাই মানুষের অভাব অভিযোগের কথা শোনার চেষ্টা করি। এলাকায় যতটুকু পেরেছি উন্নয়নমূলক কাজ করেছি। আগামী দিনে আরো ছাড়া বজায় থাকবে।”
অন্যদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এবার নতুন মুখ হিসেবে সামনে এসেছে কবি দত্তের নাম। বর্তমানে তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। প্রায় দু’বছর ধরে এই দায়িত্বে থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পর্ষদের মাধ্যমে রাস্তা সংস্কার, অবকাঠামো উন্নয়ন, সৌন্দর্যায়নসহ একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়েছে। দলের মতে, প্রশাসনিক অভিজ্ঞতা এবং উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতাই কবি দত্তকে এই কেন্দ্রের উপযুক্ত প্রার্থী করে তুলেছে। সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়েই এবার নির্বাচনী ময়দানে নেমেছেন তিনি। নিজের প্রার্থিতা নিয়ে আশাবাদী কবি দত্ত। তাঁর কথায়, “উন্নয়নের কাজ মানুষের জন্যই করেছি। সেই কাজের মূল্যায়ন মানুষই করবেন। দুর্গাপুর পশ্চিমের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন বলেই আমি বিশ্বাস করি।”
অপরদিকে, দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”২০২৬ বিধানসভা নির্বাচনে দুর্গাপুরে বিজেপি ক্ষমতায় আসবে। মহিলাদের স্বশক্তি করনের জন্য লড়াই চলবে। দুর্গাপুরের মানুষের পাশে থাকবো।”



