লাল দুর্গের রেকর্ড ভাঙ্গা প্রার্থী হরে রাম সিং এর ওপরেই ফের আস্থা রাখল দল
আমার কথা, ১৭ মার্চ
রাকেশ লাহা, জামুরিয়া:
জল্পনার অবসান, ২১ এর পর ২৬ এও জামুড়িয়ায় তৃণমূলের প্রার্থী হরে রাম সিং।
উচ্ছ্বাসে ফেটে পড়লো দলের কর্মী সমর্থকরা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের ২৯৪ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে। যেখানে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয় ২০২১ এর জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিং কে।
প্রসঙ্গত একসময়ের লাল দুর্গ হিসেবে পরিচিত শিল্পাঞ্চল জামুরিয়ায় ২০২১ এ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয় হরেরাম সিং, বিজেপির প্রার্থী ছিলেন তাপস রায় এবং সিপিএমের হয়ে ঐশী ঘোষ লড়াই করেছিলেন। কিন্তু একুশের নির্বাচনে যখন ফল ঘোষণা হয় তখন দেখা যায় ৪৪ বছরের লাল দুর্গে সবুজ আবির উড়ে। যার নেপথ্যে হরেরাম সিং।
সেই একই আসনে আরো একবার হরে রাম সিং কেই দল মনোনীত করলো তৃণমূলের প্রার্থী হিসেবে।
এদিন ঘোষণার পরই দেখা যায় জামুরিয়া বিধানসভার বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা বিধায়ক কার্যালয়ে এসে হরে রাম সিং কে আবির মাখিয়ে ও মালা পরিয়ে সম্বর্ধনা জানান ও সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ের আশ্বাস দেন।
অন্যদিকে একই সময়ে দেখা যায় আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন ও দেয়াল লিখে নির্বাচনী প্রচার শুরু করে দেন হরেরাম সিং এর পুত্র তথা যুবনেতা প্রেম পাল সিং ।
বিধায়ক কার্যালয়ে এদিন হরেরাম সিং পৌঁছে প্রথমেই দেওয়ালে নিজের নাম লিখে নির্বাচনী প্রচার শুরু করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০২১ এর পর ২০২৬ দ্বিতীয়বারের জন্য দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটি আমি পালন করব এবং জামুরিয়ার মানুষের আশীর্বাদে ৩০ হাজারের অধিক ভোটের ব্যবধানে জয় লাভ করব।
এছাড়াও বিধানসভা এলাকায় কাজ প্রসঙ্গে জানান, আমি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলে প্রথমেই জামুরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি একটি ফায়ার স্টেশন গড়ে তুলবো যার সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই প্রস্তুত। এছাড়াও বেশ কিছুদিনের মধ্যে পানীয় জলের সমস্যাও সমাধান হতে চলেছে বলে জানান হরেরাম সিং।
তিনি বলেন আমাদের ছেলেরা প্রস্তুত আগামী কাল থেকেই আমরা নেমে পড়বো ময়দানে।



