BREAKING! তৃণমূল সুপ্রিমোর ছবিতে গোবর, উত্তেজনা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে
আমার কথা, ২০ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ির পুলিশ। বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত ও তৃণমূলের কর্মী সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই এলাকায় দেওয়ালে দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা হয়েছে এবং নানান প্রকল্পের ছবি দেওয়া হয়েছে। একটি দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর গোবর লেপে দেয় দুষ্কৃতীরা। তাদের অভিযোগ, এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র আছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানান তারা। দুর্গাপুর পশ্চিম মে তৃণমূল প্রার্থী কবি দত্ত পৌঁছে মুখ্যমন্ত্রীর ছবি থেকে গোবর মুছে দেন। তারপরে তিনি বলেন,”যারা নোংরা রাজনীতি করছে তাদের জবাব বাংলার মানুষ দেবে। তবে আমি কারোর বিরুদ্ধে নোংরা রাজনীতি করি না কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগও করি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই দাবি করেন,”এইসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর পিছনে বিজেপির কোন যোগ নেই। দুর্গাপুরের মানুষ বুঝতে পারছে সেজন্য বিজেপিকে হাত শক্ত করছে। বিধানসভা নির্বাচনেও বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে।”



