তৃণমূলের দুই প্রার্থীর সমর্থনে প্রচারে তারকা সাংসদ রচনা
আমার কথা, ৪ এপ্রিল
রাকেশ লাহা, জামুরিয়া:
পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত জনসভায় যোগদান করলেন লোকসভার সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি।
শনিবার হরেরাম সিং এর সমর্থনে জনসভা টি অনুষ্ঠিত হয় জামুরিয়া বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর এলাকায় , অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয় পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা হাটতলা এলাকায়। লোকসভার সাংসদ তথা অভিনেত্রীকে এক ঝলক দেখতে দুই সভাকেন্দ্রেই এদিন উপচে পড়ে জনতার ভিড়।
প্রথমে এদিন কেন্দ্রা হাটতলা এবং পরে বীজপুরের জনসভায় অংশগ্রহণ করেন রচনা ব্যানার্জি।
মঞ্চে দাঁড়িয়ে সাংসদ তথা অভিনেত্রীর কথাই উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং মানুষের অধিকার রক্ষার্থে তাকে যে বারংবার অত্যাচারিত হতে হয়েছে তার কথা।
তিনি বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, কাকে ভোট দেবেন সেটি আপনারা বিবেচনা করবেন। কিন্তু ২০২৬ এর ভোট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং উন্নয়নের নিরিখে । এছাড়াও তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা এবং সম্মান জানান সে কারণেই তিনি হিন্দু মুসলিম শিখ বৈধ সকলকে একা হাতে আগলে রেখেছেন । তার সাথে সাথে বাংলার প্রতিটি পরিবারের পাশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাশে থেকেছেন তার খতিয়ানও তুলে ধরেন রচনা ব্যানার্জি। যেখানে উল্লেখযোগ্য ভাবে উঠে আসে, মহিলাদের আত্মনির্ভরতার লক্ষীর ভাণ্ডার, বেকার যুবক-যুবতীদের যুব সাথী, স্টুডেন্টদের স্কলারশিপ, কৃষিজীবী মানুষের নানান প্রকল্প সহ আরো অনেক কিছু।
অন্যদিকে এস আই আর চক্রান্তে বাংলার মানুষের যাতে ভোটাধিকার ক্ষুন্ন না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে নেমেছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন সেই কথাও কার্যত উঠে আসে সাংসদ তথা অভিনেত্রীর মুখ থেকে। রচনা দেবী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যেভাবে প্রতিনিয়ত লড়াই করছেন এবং বাংলার মানুষ যাতে ভালো থাকতে পারে তার জন্য যেভাবে পথে নেমছেন তাতে আগামীর নির্বাচনে বাংলার মানুষকেও তথা জামুরিয়া ও পাণ্ডবেশ্বরে মানুষকেও একজোট হয়ে দিদির পাশে থাকতে হবে।
তিনি বলেন ধর্মের নামে যারা রাজনীতি করে তাদের প্রলোভনে পা দেবেন না। আমরা বাংলায় ১২ মাসে ১৩টা পার্বণ পালন করি আমাদের এখানে ধর্ম ভেদাভেদ বলে কিছুই নেই। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভা থেকে করা মন্তব্যের পুনরাবৃত্তি করে রচনা ব্যানার্জি জানান মুখ্যমন্ত্রী যতদিন থাকবে বাংলার মানুষ প্রতিটি প্রকল্পের সুবিধা পাবেন ।
এদিন সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বর এবং জামুরিয়ার জনসভা থেকে দলের নেতৃত্ব কর্মী সমর্থক ও আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ ভাবে ২৬ এর নির্বাচনে দুই বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী হরেরাম সিং এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী কে বিপুল ভোটে জয়ী করার ও মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসানোর আহ্বান জানান।
সাংসদ প্রথা অভিনেত্রীর দুই জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে সামনে রেখে তৃণমূল প্রার্থীরা জানাই মানুষের ভালোবাসায় এবারেও জয় নিশ্চিত।




