“১৫ দিন ধরে কালীঘাটের নর্দমা পরিষ্কার করবেন অমিত শাহ”-কটাক্ষ সায়নীর
আমার কথা, ৫ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
“দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কালীঘাটে পড়ে থাকবেন ১৫ দিন। সেখানে কালীঘাটের সকল বাড়ির নর্দমা এবং চৌবাচ্চা পরিষ্কার করবেন।” দুর্গাপুরের পশ্চিম বিধানসভার দেশবন্ধু নগর মাঠে জনসভায় যোগ দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নিলেন রাজ্য তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, ইডি দিয়ে হারাতে পারছেন না, সিবিআই দিয়ে হারাতে পাচ্ছেন না আপনাদের বন্ধু নির্বাচন কমিশনকে দিয়েও হারাতে পাচ্ছেন না। তাই এখন অন্যরকম ফন্দি আঁটছে। কিন্তু বাংলার মানুষ বাংলার অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই করছে। পাশাপাশি তিনি বলেন, “বিজেপির নেতারা যদি বাড়িতে গিয়ে বলে আপনাদের ৩০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার দেব। তখন আপনারা বলবেন আগে দেড় হাজার টাকা অগ্রিম দিন। সেই টাকা নিয়ে আপনারা রবিবার বাজারে যাবেন এবং কচি পাঠার মাংস কিনে নিয়ে এসে খেয়ে মনকে শান্তি করে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে জোড়া ফুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে আসবেন।” রবিবার বিকেলের এই জনসভা হয় দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী রাজ্য সাধারণ সম্পাদক শিবদাসন দাশু, জেলার যুব সভাপতি পার্থ দেওয়াসী সহ তৃণমূল নেতৃত্বরা।




