ডিজিটাল ফ্লেক্সের দাপটে নির্বাচনী প্রচারে গুরুত্ব হারাচ্ছে দেওয়াল লিখন, বিপাকে শিল্পীরা
আমার কথা, ৬ এপিল
সার্থক দে, অন্ডাল:
কয়েক বছর আগে পর্যন্ত নির্বাচনী প্রচারে দেওয়াল লিখন ছিল প্রচারের অন্যতম হাতিয়ার । দেওয়ালের ওপর সাদা চুমকাম করে তার উপর বিভিন্ন রং দিয়ে লেখা হতো প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন । তাই নির্বাচনী প্রচার কদিন ব্যস্ততায় কাটতো দেওয়াল লিখন শিল্পীদের । সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে আধুনিক ডিজিটাল ফ্লেক্স । ফ্লেক্সের ব্যানার হোডিং এর গুরুত্ব বেড়েছে দ্রুত । এখন নির্বাচনী প্রচারে যেদিকে চোখ যাই সেদিকেই নজরে পরে আধুনিক মাল্টি কালার এই ব্যানার হোডিং । যার কারণে গুরুত্ব কমেছে দেওয়াল লিখন ও দেওয়াল লিখন শিল্পীদের । খনি অঞ্চলের প্রবীণ সাহিত্যিক কুমুদ কান্তি রায় বলেন অতীতে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে যেত দেওয়াল বুকিং এর কাজ । দিনক্ষণ ও প্রার্থীর নাম ঘোষণা হলে শুরু হতো দেওয়াল লিখন পর্ব । দেওয়াল লিখনের জন্য প্রয়োজন পড়তো শিল্পীর । বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখন করতো শিল্পীরা । ফলে এই সময় শিল্পীদের চাহিদা যেমন থাকতো তেমনি ব্যস্ততায় সময় কাটতো শিল্পীদেরও । নির্বাচনী দেওয়ার লিখন ছিল শিল্পীদের রোজগারের বাড়তি সুযোগ । তাই নির্বাচনের অপেক্ষায় থাকতেন শিল্পী রাও ।
অন্ডাল ব্লকের উখরা গ্রামের বাসিন্দা শ্যামল বাগদি বলেন একটা সময় দেওয়াল লিখন ছিল পেশা, বর্তমানে বাসের হেল্পারের কাজ করি সংসার চালাতে । পেশা বদলের কারণ কি জিজ্ঞেস করায় তিনি বলেন আগে বিভিন্ন দোকানের বোর্ড, বিভিন্ন সংস্থার অনুষ্ঠানের জন্য ব্যানার লেখা ছাড়াও অন্যান্য অনেক কাজে ডাক পড়তো শিল্পীদের । নির্বাচনের সময় দেওয়াল লিখন ছিল শিল্পীদের বাড়তি রোজগারের সুযোগ । আধুনিক ডিজিটাল ফ্লেক্স বাজারে আসার পর তার চাহিদা যেমন দ্রুত বেড়েছে ঠিক একই অনুপাতে কমেছে হাতে লেখা ব্যানার হোডিং দেওয়াল লিখনের চাহিদা । ফলে শিল্পীদের কাজ নেই চাহিদাও নেই সেই কারণে এখন অনেক শিল্পীর পেশা বদলে গেছে । প্রবীণ শিল্পী বাপি সৌমন্ডল বলেন আগে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল শিল্পীদের শরণাপন্ন হতো । শিল্পীরা পেশার কারণে রাজনৈতিক দলের রং না দেখে সব দলের সমর্থনেই দেওয়াল লিখতো । চাহিদা এতটাই বেশি ছিল যে সকাল থেকে রাত পর্যন্ত চলতো দেওয়াল লিখনের কাজ । রাতে কাজ করতে হতো হ্যাসেক অথবা টায়ার জ্বালিয়ে । আক্ষাপের সাথে শিল্পী বলেন দেওয়াল লিখন এখন ফিনিক্স পাখির মত বেঁচে আছে, ইতিহাস হতে বেশি দেরি নেই ।




