খনি অঞ্চলে প্রচারে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
আমার কথা, ১১এপ্রিল
সার্থক কুমার দে, অন্ডাল :
রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পার্থ ঘোষের সমর্থনে অন্ডালে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর সোমবার দুপুর দুটো থেকে সভাটি হবে খান্দরা ফুটবল মাঠে। শনিবার সভাস্থল পরিদর্শন করে বিজেপির জেলা নেতৃত্বের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি টিম। সভাস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। এদিন তার প্রস্তুতিও খতিয়ে দেখেন এনএসজির আধিকারিকারা। বিজেপির রানীগঞ্জ বিধানসভার ইনচার্জ তথা প্রার্থীর ইলেকশন এজেন্ট জয়ন্ত মিশ্রা জানান দলীয় প্রার্থী পার্থ ঘোষের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন নির্বাচনী জনসভা করতে। ওই সভা নিয়ে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। দলীয় স্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার প্রস্তুতি চলছে। ঐদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার ঠিক আগে দলবদলের ফলে ধাক্কা খেলো বিজেপির শিবির। শুক্রবার রানিগঞ্জের তৃণমূল প্রার্থী কালোবরন মন্ডলের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি রাজেশ মন্ডল ও মিডিয়া সেলের সদস্য গোপাল পারিক্ষ সহ আরও কয়েকজন।




