ওয়াইসিকে ‘জিন্নাবাদী’ বলে আক্রমণ ইসলামী চিন্তাবিদ ও রাষ্ট্রীয় সংখ্যালঘু সংরক্ষণ মোর্চার সভাপতির
আমার কথা, ১৫ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
আসাদউদ্দিন ওয়াইসিকে ‘জিন্নাবাদী’ বলে আক্রমণ করলেন ইসলামী চিন্তাবিদ ও রাষ্ট্রীয় সংখ্যালঘু সংরক্ষণ মোর্চার সভাপতি হযরত হাজি মোহাম্মদ পারভেজ সিদ্দিকী।
বুধবার বিকেলে দুর্গাপুরের অরবিন্দ এভিনিউতে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ওয়াইসির দল বিভিন্ন রাজ্যে নির্বাচনে লড়াই করার ফলে মুসলিম প্রতিনিধিত্ব কমেছে। বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা ২৩ থেকে কমে ১৩-তে নেমে এসেছে এবং মহারাষ্ট্রে মুসলিম কাউন্সিলরের সংখ্যা ৬৩ থেকে কমে ৩২-এ দাঁড়িয়েছে। ১৯৪৭ সালেই ভারতের মুসলমানরা জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব প্রত্যাখ্যান করেছে এবং তারা মহাত্মা গান্ধী-এর আদর্শে বিশ্বাসী থেকে ভীমরাও রামজি আম্বেদকরের সংবিধানের প্রতি আস্থা রাখে। তিনি স্পষ্ট করে জানান, ওয়াইসির এই ‘জিন্নাবাদী’ চিন্তাধারাকে বাংলা সহ দেশের কোথাওই সমর্থন করা হবে না।




