স্ট্রংরুমের বাইরে জমায়েত, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি
আমার কথা, ২৭ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
স্ট্রং রুমের বাইরে তৃণমূলের ‘দাপাদাপি’ এই অভিযোগ তুলে সরব বিজেপি। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূলের। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে করা হয়েছে দুর্গাপুর পূর্ব পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভার স্ট্রং রুম। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। তারই মধ্যে রবিবার রাতে বেশ কিছু লোক জমায়েত করে সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তায়। বিজেপির অভিযোগ, তৃণমূল ১০০ মিটারের মধ্যে রাতের অন্ধকারে জমায়েত করছে। তারা বুঝতে পেরেছে চুরি করতে পারেনি। সেই জন্য অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল অভিযোগ করেন,”এইবারে নির্বাচনে বিজেপি অধিকাংশ আসনে জয়লাভ করবে। আর সেটা বুঝতে পেরেই তৃণমূলের কর্মীরা স্ট্রংরুমের বাইরে নেশাগ্রস্ত অবস্থায় জমায়েত করছে। গাড়ি আটকে উত্তেজনা ছড়াচ্ছে। স্ট্রং রুমের ভেতরে নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সে জন্য তারা বাইরেই অশান্তি পাকানোর চেষ্টা করছে।” পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় দাবি করেন,” ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। বাইরে যারা রয়েছে তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছে। তাদের সকলের কাছে কার্ড রয়েছে। বিজেপির যদি তাতেও সন্দেহ হয় তাহলে ওরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুক। কারণ বর্তমানে নির্বাচন কমিশন আর পুলিশ সবই বিজেপি পরিচালিত।”



