BREAKING! ভোটকেন্দ্রে না গিয়ে রাস্তায় বসে বিক্ষোভ ভোটকর্মীদের, কিন্তু কেন?
আমার কথা, ২৮ এপ্রিল
সনাতন গরাই, দুর্গাপুর:
পর্যাপ্ত বাস নেই। ডিসিআরসি কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষায় ভোট কর্মীরা। দুর্গাপুরে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। শুরু হলো উত্তেজনা। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে। পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন, ফলে ডিসিআরসি কেন্দ্রে সময়মতো পৌঁছানো নিয়ে উদ্বেগ ছড়ায় তাঁদের মধ্যে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষুব্ধ ভোটকর্মীদের একাংশ সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, হাজার হাজার ভোটকর্মীকে পাঠানোর মতো পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা আগে থেকে করা হয়নি, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সকলকে। একজন ক্ষুব্ধ ভোটকর্মী বলেন, “সকাল নটা পেরিয়ে গেছে, এখনও বুঝতে পারছি না কীভাবে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছাব। সেখানে গিয়ে ডিউটি কীভাবে করব, সেটাও জানি না। নির্বাচন কমিশন কী বলবে, সেই নিয়েও দুশ্চিন্তায় রয়েছি।” কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বেশ কয়েকটি বাস রওনা দেয়।



