পশ্চিম বর্ধমানে গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল
আমার কথা, ৪ মে
সার্থক কুমার দে, পশ্চিম বর্ধমান:
গোটা রাজ্যের মত পশ্চিম বর্ধমানেও উঠল গেরুয়া ঝড়। খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল। জেলার ৯ টি আসনের মধ্যে সব কটিতেই জয় লাভ করলো বিজেপি প্রার্থীরা। উল্লেখ্য ২০২১ সালের নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনের মধ্যে ৬টি জিতেছিল তৃণমূল, তিনটি পেয়েছিল বিজেপি। এবার বিজেপির পক্ষে ফল হল ৯-০। জেলার ৯টি আসনের মধ্যে ৬টি আসনের গণনা হয় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। অন্যদিকে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম আসনের গণনা হয় দুর্গাপুর গভমেন্ট কলেজে। সোমবার সকালে গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে তৃণমূলকে পেছনে ফেলে ক্রমশ এগিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় বিজেপি প্রার্থীদের। একে একে আসতে থাকে বিজেপি প্রার্থীদের জয়ের খবর। আসানসোল উত্তর কেন্দ্রে পরাজিত হন রাজ্যের মন্ত্রী তৃণমূল প্রার্থী মলয় ঘটক। তাকে পরাজিত করেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। সবার নজর ছিল পাণ্ডবেশ্বর কেন্দ্রের ফলাফল নিয়ে। গণনা শেষে এই আসনটিতে ১৩৯৮ ভোটে হন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। তার কাছে পরাজিত হন তৃণমূলের জেলা সভাপতি তথা বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বারাবনি আসন টি বরাবরই তৃণমূলের শক্ত খাঁটি হিসেবে পরিচিত ছিল। এবার গেরুয়া ঝড়ে সেই আসনটিও হাতছাড়া হয় তৃণমূলের। বিজেপির যুব নেতা অভিজিৎ রায়ের কাছে পরাজিত হন তিনবারের বিধায়ক বিধান উপাধ্যায়। কুলটি আসনটি গতবার জিতেছিল বিজেপির অজয় পোদ্দার। এবারও তিনি জয়ী হোন। পরাজিত করেন তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী মলয় ঘটকের সহোদর ভাই অভিজিৎ ঘটককে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি থেকে প্রথমবার জয়লাভ করল বিজেপি। তৃণমূল প্রার্থী কালোবরণ মন্ডল কে পরাজিত করে জয়ী হলেন পদ্মফুলে প্রার্থী পার্থ ঘোষ। অন্যদিকে আসানসোল দক্ষিণ আসনে দ্বিতীয়বার জয়লাভ করলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। পরাজিত হলেন তৃণমূলের চারবারের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম দুটো কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্তের পাশাপাশি দুর্গাপুর পূর্বে পরাজিত হন রাজ্যের বিদায়ী মন্ত্রী প্রদীপ মজুমদারও।



