তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, বাধা হল বিজেপির দলীয় পতাকা
আমার কথা, ৬ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামনে আসছে। সেই আবহেই দুর্গাপুরের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দুটি কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠল। অভিযোগ, বিধাননগর ও ফুলঝোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একটি পার্টি অফিসে গেরুয়া রং করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
এই বিষয়ে দুর্গাপুর বিজেপির পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের তিনদিন আগে তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে, তারা গেরুয়া আবির মেখে নিয়ে এসব ভাঙচুর চালাচ্ছে এটা প্রমাণ করার জন্য যে তারা কত বড় বিজেপি। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি এই নতুন বিজেপি সাজা লোকগুলোকে গ্রেফতার করতে আর আগামী ১৫ দিনে যেন তারা জামিন না পায়।”
অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। কিন্তু এইভাবে তৃণমূলের কার্যালয়ে দখল করা ঠিক নয়। আপনারা শান্ত হন।”



