শুভেন্দুর মন্ত্রিসভায় অগ্নিমিত্রা শপথ নিতেই আবেগে ভাসলেন জ্যাঠা, জেঠিমা
আমার কথা, ৯ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
ঘরের মেয়ে মন্ত্রী। খবর পেয়েই আবেগে ভাসলো পরিবার। অগ্নিমিত্রা পল প্রথম থেকেই ডাকাবুকো বিজেপি নেত্রী। পৈত্রিক বাড়ি দুর্গাপুরের গোপালমাঠে। আসানসোল গার্লস কলেজে ও বানওয়ারিলাল ভলোটিয়া কলেজে পড়াশোনার পর কলকাতায় ফ্যাশন ডিজাইনার নিয়ে ডিপ্লোমা করে। তবে তিনি যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন সেদিন থেকে রাজ্যের প্রতিটি প্রান্তে লড়াই করে সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। দু’বারের বিধায়ক। বিজেপি জয় লাভ করতেই তাকে করা হলো পূর্ণ মন্ত্রী। ব্রিগেডে রাজ্যপালের কাছে আর লক্ষ লক্ষ মানুষের সামনে শপথ গ্রহণ করেন তিনি। অগ্নিমিত্রার এই সাফল্যে খুশির হাওয়া তাঁর পৈত্রিক বাড়িতেও। দুর্গাপুরের গোপাল মাঠে বাড়িতে থাকেন বাবা অশোক রায়, মা অপর্ণা রায় ও জ্যেঠা মনোরঞ্জন রায় ও জেঠিমা স্বপ্না রায়। মা-বাবা শপথ গ্রহণে সাক্ষী হিসাবে থাকতে পারলেও যেতে পারেননি জেঠু জেঠিমা। মনোরঞ্জন রায় বলেন, “আমাদের পরিবারের কেউ কোনওদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। ছোটবেলা থেকেই অগ্নিমিত্রার রাজনীতির প্রতি আগ্রহ ছিল। নিজের পরিশ্রম আর লড়াইয়ের জোরে আজ এই জায়গায় পৌঁছেছে। আমাদের যাওয়ার জন্য বলেছিল। কিন্তু শরীর অসুস্থ থাকায় আমরা যেতে পারিনি। ফোনে কথা হয়েছে।” জেঠিমা স্বপ্না রায়ের কথায়, “ও ছোট থেকেই খুব জেদি আর সাহসী মেয়ে। মানুষের জন্য কাজ করার ইচ্ছেটা সবসময় ছিল। আজ মন্ত্রী হওয়ার খবর শুনে খুব ভালো লাগছে। নিজেদের সত্যিই গর্বিত মনে হচ্ছে।”



