সাইকেল স্ট্যান্ডে মদ্যপ যুবকের ছুরি হাতে তাণ্ডব, আতঙ্কে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
আমার কথা, ১০ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন সাইকেল স্ট্যান্ডে এক মদ্যপ যুবকের ছুরি হাতে তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল। রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। জানা গিয়েছে, সিটি সেন্টারের বাসস্ট্যান্ডের সাইকেল স্ট্যান্ডটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করেন। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ঝন্টু ধারা নামে এক যুবক ওই সাইকেল স্ট্যান্ড দখলের উদ্দেশ্যে সেখানে কর্মরত মহিলাদের হুমকি দিয়ে আসছিল।অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় সাইকেল স্ট্যান্ডে এসে ধারালো ছুরি হাতে মহিলাদের ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, এক পর্যায়ে তিনি এক মহিলার গলায় ছুরি ঠেকিয়ে পার্কিং ছেড়ে দেওয়ার হুমকি দেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত অন্যান্য মহিলারাও।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত ঝন্টু ধারাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



