ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ, বিনামূল্যে HPV ভ্যাকসিন প্রদান শুরু রাজ্য সরকারের
আমার কথা, ৩০ মে:
সনাতন গরাই, দুর্গাপুর:
নারীদের ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে HPV (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করা হলো। এদিন সকালে কলকাতা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। পরে সেখানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মো: ইউনুস সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক ও চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১৪ বছর ও তার ঊর্ধ্বে বয়সি মেয়েদের এই এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হবে। এই ভাইরাসের সংক্রমণ থেকেই ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসারসহ একাধিক জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে। জেলার মহকুমা ও জেলা হাসপাতাল ছাড়াও গ্রামীণ হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলায় টার্গেট রয়েছে ৩২ হাজার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক ও বিধায়ক জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকার ধারাবাহিকভাবে নানা প্রকল্প গ্রহণ করছে। তাঁদের বক্তব্য, “সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। এই ভ্যাকসিন কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানসারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে এই ভ্যাকসিন বিশেষ ভূমিকা পালন করবে।”



