একাধিক দাবিতে ঝাঁঝরা কোলিয়ারিতে বিক্ষোভ দেখালো ঠিকা শ্রমিকরা
আমার কথা, ২ জুন
সার্থক কুমার দে, লাউদোহা:
দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা কোলিয়ারির এম আই সি ইনক্লাইন খনিতে মঙ্গলবার ন্যায্য বেতন, পিএফ ও ইএসআই চালুর দাবি সহ খনির নিচে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব হন শ্রমিকরা । এদিন সকালে তারা খনি চত্বরে বিক্ষোভ দেখায় ।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই । পাশাপাশি বেতন কাঠামোও অত্যন্ত কম, যার ফলে পরিবার চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ।
ঠিকা শ্রমিক হারাধন মন্ডল ও বরুণ রায় জানান, খনির নিচে কাজ করতে গিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিতে হচ্ছে । নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা ন্যায্য বেতন, পিএফ ও ইএসআই চালু করতে হবে । বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি । এছাড়াও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা । এদিন অসংগঠিত ঠিকা শ্রমিকদের বিক্ষোভে কোন প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নকে দেখা যায়নি । শ্রমিকরা একজোট হয়ে নিজেরাই এদিন বিক্ষোভ দেখান । এখন দেখার শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে ।



