BREAKING! তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে এবার গ্রেফতার তৃণমূলের বিদায়ী বোরো চেয়ারম্যান
আমার কথা, ৩ জুন
সনাতন গরাই, দুর্গাপুর:
তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে এবার গ্রেপ্তার তৃণমূলের বিদায়ী বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। বুদবুদ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধীদের মারধর এবং তোলাবাজির একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, ভোটের পরেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেইসব অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছিল। বুধবার বর্ধমানের দিক থেকে বুদবুদের দিকে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এরপর রমাপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করা হয়। বুধবারই তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। আদালতে তাঁর পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত: রমাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান। পাশাপাশি তিনি দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা। এলাকায় তিনি তৃণমূলের প্রভাবশালী ও ডাকাবুকো নেতা হিসেবেও পরিচিত ছিলেন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে সন্ত্রাস, দখলদারি ও তোলাবাজির অভিযোগে তদন্ত এবং ধরপাকড় শুরু হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারের নাম।



