চলন্ত ট্রেনে উঠতে গিয়ে চাকায় পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের
আমার কথা, ৬ জুন, পানাগড়:
চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা! তখনই ট্রেনের চাকায় পড়ে মৃত্যু ১৯ বছরের এক যুবকের। মৃত যুবকের নাম রওশন ঘোষ (১৯)। কাঁকসা ৩ নম্বর কলোনির মিনি বাজারের বাসিন্দা।শুক্রবার রাতে পানাগড় স্টেশন চত্বরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান মেমু এক্সপ্রেস স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আসে। ট্রেন ছাড়ার সময় রওশন চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। সেই সময় আচমকাই পা হড়কে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আরপিএফ তাঁকে উদ্ধার করে প্রথমে পানাগড় গ্রামীণ ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা।



