অজয়ের বালি পাচারের অভিযোগে গ্রেফতার বিদ বিহারের জীবন মন্ডল
আমার কথা, ৮ জুন
সনাতন গরাই, কাঁকসা:
অজয়ের বালি অবৈধভাবে তুলে পাচারের অভিযোগ! গ্রেফতার জীবন মণ্ডল। তিনি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ উঠছিল জীবন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে ট্রাক্টর ও ডাম্পারের মাধ্যমে বিপুল পরিমাণ বালি বিভিন্ন এলাকায় পাচার করা হত। একাধিক গ্রামের রাস্তা ব্যবহার করে এই বালি জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হত বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, বছরখানেক আগে রাউৎডিহি সহ বেশ কিছু গ্রামের ভেতর দিয়ে গভীর রাত পর্যন্ত ভারী যানবাহনের অবাধ যাতায়াতের ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হতো সাধারণ মানুষকে। ট্রাক্টর ও ডাম্পারের বিকট শব্দে প্রায়শই ঘুমের ব্যাঘাত ঘটত। পাশাপাশি অতিরিক্ত বালি বোঝাই গাড়ির কারণে গ্রামীণ রাস্তারও ক্ষতি হয়েছিল। বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তখন বালির ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার মানুষজন। রাজ্যে পালাবদলের পর অবৈধ চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। সেইসব অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে রবিবার রাতে বাড়ি থেকে অভিযুক্ত জীবন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।



