দুর্গাপুর ব্যারেজের ড্রেজিং নিয়ে ভাবনা শুরু হয়েছে, জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আমার কথা, ২৭ জুন
সনাতন গরাই, দুর্গাপুর:
দুর্গাপুর ব্যারেজের ড্রেজিং নিয়ে বারবার অভিযোগ উঠেছে। ব্যারেজে পলি জমার জেরে কমেছে নব্যতা। বিজেপি ক্ষমতায় আসতেই এবার সেই ড্রেজিং নিয়েই ভাবনা শুরু হয়েছে বলে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর থেকে মন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান সরকার কার্যকর করবে। তবে বর্তমানে সরকারের বয়স মাত্র এক মাসের কিছু বেশি হওয়ায় বড় ধরনের পরিকাঠামোগত কাজ এখনই সম্ভব নয়। তাই আপাতত জল জমা রোধে ড্রেন পরিষ্কার রাখা এবং পাম্পের সাহায্যে জল দ্রুত নামানোর কাজেই জোর দেওয়া হয়েছে। ছোট, মাঝারি ও বড় ড্রেনের পাশাপাশি ক্যানাল পরিষ্কারের কাজও চলছে। ঘাটালের সমস্যা অত্যন্ত জটিল। স্থায়ী সমাধানের জন্য বিস্তৃত পরিকাঠামোগত পরিবর্তন প্রয়োজন, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। দুর্গাপুর ব্যারেজের ড্রেজিং প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, এটি দীর্ঘমেয়াদি প্রকল্প। এক মাসের মধ্যে এমন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তবে এলাকার বিধায়করা ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন এবং ড্রেজিংয়ের পরিকল্পনা রয়েছে। সরকারের সেই পরিকল্পনা আগামী দিনে বাস্তবায়নের দিকেই এগোবে বলে ইঙ্গিত দেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী।



