চারিদিকে জমি কেলেঙ্কারির মাঝে বৃদ্ধাশ্রম তৈরির জন্য জমি দান করলেন প্রাক্তন সেনা জওয়ান
আমার কথা, ১০ জুলাই
সনাতন গরাই, দুর্গাপুর:
জমি দখল করে দলীয় কার্যালয়, কোথাও আবার জোর করে সরকারি জমিতে থাবা। তৃণমূল নেতাদের নামে যখন ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। সেই আবহেই একেবারে অন্য এক ছবি উঠে এল শিল্পনগরী দুর্গাপুরে। সমাজের কল্যাণে নিজের মূল্যবান সম্পত্তি তুলে দেওয়ার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। তাঁর নাম সত্যপ্রিয় জোয়ারদার।
দেশের সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা যে এখনও অটুট, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা এলাকায় নিজের ১০ কাঠা জমি বৃদ্ধাশ্রম নির্মাণের উদ্দেশ্যে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরকে দান করলেন এই প্রাক্তন সেনাকর্মী। কেন এই সিদ্ধান্ত? তার উত্তরও দিয়েছেন নিজেই। তাঁর কথায়, বৃদ্ধ বয়সে অনেক মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের অভাবে। অনেকেই একাকিত্ব, অবহেলা কিংবা আর্থিক অসহায়তার মধ্যে জীবন কাটাতে বাধ্য হন। সেই বাস্তব চিত্রই তাঁকে ভাবিয়েছে। তাই ব্যক্তিগত সম্পত্তি উত্তরাধিকার হিসেবে রেখে যাওয়ার বদলে, সমাজের কাজে লাগুক এই বিশ্বাস থেকেই তাঁর এই উদ্যোগ। সত্যপ্রিয় জোয়ারদার বলেন,” লায়ন্স ক্লাব যদি ওই জমিতে একটি আধুনিক বৃদ্ধাশ্রম গড়ে তুলতে পারে, তাহলে বহু প্রবীণ মানুষ জীবনের শেষ অধ্যায়ে সম্মানের সঙ্গে বসবাসের সুযোগ পাবেন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলে, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” আজকের সময়ে, যখন সম্পত্তি নিয়ে বিবাদ, মামলা কিংবা দখলদারির খবরই বেশি শোনা যায়, তখন সত্যপ্রিয় জোয়ারদারের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষ।



