সরকার পাল্টালেও পাল্টালো না পরিস্থিতি, দুদিনের সামান্য বৃষ্টিতে ফের জলমগ্ন পান্ডবেশ্বর বিধানসভার মুসলিমপাড়া
আমার কথা, ১১ জুলাই
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
নিম্নচাপের জেরে টানা দু’দিনের ভারী বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম মুসলিম পাড়া। সামান্য বৃষ্টিতেই জল জমার পুরনো সমস্যা এবার আরও প্রকট হয়েছে। মসজিদ চত্বর থেকে শুরু করে সংলগ্ন আইসিডিএস কেন্দ্র সর্বত্র হাঁটু সমান জল জমে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এলাকার শিশু ও অভিভাবকেরা। মসজিদের পাশেই অবস্থিত আইসিডিএস কেন্দ্রটি জলমগ্ন হওয়ায় শনিবার সেখানে প্রায় কোনও পড়ুয়াই আসেনি। রান্নাবান্না থেকে শুরু করে শিশুদের পরিষেবা— সবকিছুই ব্যাহত হয়েছে। উদ্বেগে রয়েছেন কেন্দ্রের কর্মীরাও।
স্থানীয়দের অভিযোগ, নবগ্রাম মুসলিম পাড়া দীর্ঘদিন ধরেই জলনিকাশি সমস্যায় জর্জরিত। এলাকাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায়। তার উপর কার্যকর নিকাশি নালার অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
স্থানীয় বাসিন্দা শেখ রফিক বলেন, “একটু বৃষ্টি হলেই গোটা এলাকা জলে ডুবে যায় । রাস্তায় জমা নোংরা জলে পা ডুবিয়ে মসজিদ যাতায়াত করতে হয়। আইসিডিএস কেন্দ্রের কর্মী শেখ রুকসানা জানান, “টানা বৃষ্টির কারণে রান্নার কাজ ব্যাহত হচ্ছে। রাস্তায় হাঁটুসমান জল থাকায় ছোট ছোট শিশুরা কেন্দ্রে আসতে পারছে না। ফলে পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর ধরে একই সমস্যার সম্মুখীন হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই নবগ্রাম কার্যত জলবন্দি হয়ে পড়ে। প্রশ্ন উঠছে, কবে মিলবে এই দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধান? এখন সেই উত্তরেই তাকিয়ে নবগ্রামের শতাধিক পরিবার।



