সীমান্ত পেরিয়ে মাদক পাচারের অভিযোগ, পাণ্ডবেশ্বরে গ্রেফতার তিন
আমার কথা, ২৫ নভেম্বর
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
ফের মাদক পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী পাণ্ডবেশ্বর থানা এলাকায় । পুলিশের অভিযানে পৃথক দুটি এলাকা থেকে গ্রেফতার হল তিনজন । পুলিশ সূত্রে খবর, নিমসা এলাকা থেকে শেখ রাহি ও ইন্দ্রজিৎ পাসওয়ান এবং খোট্টাডিহি এলাকা থেকে রোহিত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । বুধবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ।
সম্প্রতি দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন, বীরভূমের দিক থেকে ব্রাউন সুগার ঢুকছে দুর্গাপুরে এবং তা কলেজ পড়ুয়াদের হাতেও পৌঁছে যাচ্ছে । পরপর মাদক উদ্ধারের ঘটনায় বীরভূম ও পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী এলাকায় নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে । এই পাচারচক্রের উৎস ও সরবরাহের পথ খুঁজে বের করাই এখন পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ ।


