বান্ধবীর বাড়ি থেকে চুরি করে দুবাই পালানোর ছক, বিমানবন্দর থেকে গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, ২০ মে
সনাতন গরাই, কাঁকসা:
বান্ধবীর বাড়ি থেকে চুরি করে দুবাই পালানোর ছক। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার অভিযুক্ত। শোরগোল কাঁকসায়। উদ্ধার নগদ টাকা, ডলার ও সোনার অলংকার মিলিয়ে সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী। চলতি মাসের ১৩ তারিখ বামুনাড়া এলাকার এক মহিলার বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। কাঁকসার মলানদিঘী ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে উঠে আসে গোপী মোদির নাম। এই গোপী মোদি ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপী মোদি ওই মহিলার পরিচিত ছিল। ১৩ তারিখ বাড়ি ফাঁকা পেয়ে সর্বস্ব চুরি করে নিয়ে পালায়। দুবাই পালানোর ছক ছিল। মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়। তারপরেই মলানদিঘী ফাঁড়ি এএসআই শেখ আলী সুরের নেতৃত্বে একটি দল কলকাতা বিমানবন্দরে হানা দেয়। সেখান থেকেই গোপীকে গ্রেপ্তার করা হয়। তারপরেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। পুলিশি হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। বুধবার ধৃতকে পুনরায় দুর্গাপুর মহকুম আদালতে তোলা হয়।



