বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী পাওলি
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ২ অক্টোবর:
দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লী দুর্গাপুজো মণ্ডপে বিজয়া দশমীর রঙ ছড়িয়ে পড়ল সিঁদুর খেলায়। সিঁদুরের লাল আভায় ভরে উঠল চারপাশ যেন বিদায়ের বেদনার মধ্যেও আনন্দের এক অন্য রূপ। নারীসমাজের হাসি-ঠাট্টা, মাকে সিঁদুর অর্পণ, আর একে অপরকে রাঙিয়ে তোলার মুহূর্তে ফুটে উঠল এক অনন্য মিলনমেলা। এই আবেগঘন মুহূর্তের অংশ হয়ে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। স্থানীয় মহিলাদের সঙ্গে তিনি নিজেও মেতে উঠলেন সিঁদুর খেলায়। তাঁর উপস্থিতি যেন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলল বহুগুণ। বৃষ্টি ভেজা দশমীর বিকেলও থামাতে পারেনি এই উচ্ছ্বাস। ভিজে চুল, রাঙা মুখ আর খোলা হাসিতে মহিলাদের উচ্ছ্বাসে মণ্ডপ মুখরিত হয়ে উঠেছিল। হাজারো মানুষের চোখের সামনে মায়ের বিদায় পরিণত হল এক অমলিন স্মৃতিতে যেখানে অশ্রু, আবেগ আর আনন্দ মিলেমিশে গড়ে তুলল এক অপূর্ব দৃশ্য।



